মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৯) মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা শওকত আলী।
এর আগে, গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল এবং শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় হুজাইফা। একই ঘটনায় আরও দুইজন আহত হন। এ ঘটনার পর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
