নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। এদিন ঢাকা মহানগরীর মোট ৮টি স্থানে পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে এসব পথসভা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এবং বেলা ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে পথসভায় অংশ নেবেন।
পরবর্তী কর্মসূচিতে বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামগঞ্জ রোডে এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।
