ঝিনাইদহে ছাত্রদলের এক নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের’ অন্যতম সংগঠক তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৪ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় এই ব্যবস্থা নেয় পুলিশ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের সমসাময়িক পরিস্থিতি নিয়ে রবিবার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। সন্ধ্যা ৭টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগে থেকে ওত পেতে থাকা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলমান আছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এর পাল্টা মামলা হিসেবে পরদিন শনিবার দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। শেষ পর্যন্ত ছাত্রদলের করা ওই পাল্টা মামলাতেই গ্রেপ্তার হলেন তারেক রেজা।
