রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছর বয়সী এক কন্যাসন্তানকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতালেরই এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ওয়ার্ডবয় নূর নবীকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৯ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার সামছুল হক খান জেনারেল হাসপাতালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক নূর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত শহীদ শিকদারের ছেলে। তিনি ওই হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৭ মে দিবাগত রাতে শিশুটির মা দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। মায়ের সাথে আড়াই বছরের শিশুটিও হাসপাতালের কেবিনে অবস্থান করছিল। কেবিনে থাকার সুবাদে শিশুটি মাঝেমধ্যে হাসপাতালের ওয়েটিং রুমে গিয়ে টেলিভিশন দেখত। শুক্রবার বিকেলে ওয়েটিং রুমটি ফাঁকা থাকার সুযোগে ওয়ার্ডবয় নূর নবী নানা কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
পরবর্তীতে হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণকৃত এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পেয়ে গেলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নূর নবীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
