কক্সবাজারের উখিয়া সীমান্ত অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ নিষিদ্ধ মাদক ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)৷

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালের দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ৯.১ নম্বর চেকপোস্টে এই সফল তল্লাশি অভিযানটি পরিচালনা করা হয়৷

তল্লাশির মুখে দৌড়ে পালানোর চেষ্টা: ৮ এপিবিএন পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে— আজ সকালে পানবাজার পুলিশ ক্যাম্পের নিয়মিত টহল ও তল্লাশি দল ক্যাম্পে প্রবেশকারী রোহিঙ্গাদের তল্লাশি করছিল৷ এ সময় এক সন্দেহভাজন যুবককে চেকপোস্টে দেহ তল্লাশির জন্য ডাক দিলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ব্যাগ নিয়ে আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করেন৷ এতে চেকপোস্টে দায়িত্বরত এপিবিএনের চৌকস সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে চারপাশ থেকে ঘিরে ফেলে তাকে আটক করতে সক্ষম হন৷

পরবর্তীতে স্থানীয় দোকানদার, পথচারী ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়৷ এপিবিএন জানিয়েছে— আটক মাদক কারবারি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাহামিয়ার ছেলে জোনায়েদ (২৩)৷

নীল জিপার ব্যাগে লুকানো মাদক জব্দ: উপস্থিত স্বক্ষীদের সামনে আটক রোহিঙ্গা যুবক জোনায়েদের শরীর ও হাতে থাকা ব্যাগ নিখুঁতভাবে তল্লাশি করা হয়৷ এ সময় তার দখলে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০টি নীল রঙের জিপারযুক্ত বিশেষ পলিব্যাগ উদ্ধার করা হয়৷ পরবর্তীতে ওই পলিব্যাগগুলো গণনা করে দেখা যায়, প্রতিটিতে ২০০ পিস করে সর্বমোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট লুকানো ছিল৷ পুলিশ উপস্থিত স্থানীয়দের সামনে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করে নিজেদের হেফাজতে নেয়৷

৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) এই সফল মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে আবং টিভিকে বলেন— “রোহিঙ্গা ক্যাম্প ও এর আশেপাশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অস্ত্র, উপদলীয় সন্ত্রাস ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে এপিবিএন জওয়ানেরা নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রেখেছে৷ মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’৷ যেকোনো মূল্যে ক্যাম্পের ভেতর মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব৷”

তিনি আরও জানান— আটককৃত রোহিঙ্গা মাদক কারবারি এবং জব্দকৃত আলামতের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি নিয়মিত ফৌজদারি মামলা রুজুর প্রক্রিয়া রানিং রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *