রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। পরবর্তীতে তাকে সীমান্ত পার করে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত গোপন এ বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “গুম-খুনের শিকার হওয়া প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান আমরা এখনও পাইনি। তাদের মধ্যে ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন অন্যতম। তারা কোথায় কী অবস্থায় আছেন, তা সংশ্লিষ্টরাও নিশ্চিত করতে পারেননি।”

পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মো. আমিনুল ইসলাম জানান, গুমের শিকার ভুক্তভোগীদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান। তার বর্ণনার ওপর ভিত্তি করে অনুমানকৃত নির্দিষ্ট রুমটিও আজ প্রত্যক্ষ করা গেছে।

তিনি আরও বলেন, “বিভিন্ন সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রাথমিক তদন্ত থেকে আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই র‍্যাব-১-এর টিএফআই সেলেরই কোনো একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরিদর্শিত জায়গায় মোট ২৯টি কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক কী উদ্দেশ্যে এবং কাদের নির্দেশে এই গোপন কামরাগুলো নির্মাণ করা হয়েছিল, তার ব্যাখ্যা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদের আদালতে দিতে হবে।”

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক দল উত্তরায় র‍্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। টিমে আরও উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদীসহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা এই পরিদর্শনে অংশ নেন। একই স্থানে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন এবং গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আদেশ দিয়েছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *