পুলিশকে যেকোনো দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “পুলিশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) বজায় রেখে জনগণের আস্থা অর্জন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছয় মাসব্যাপী সমাপনী ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে এ দিন ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনুষ্ঠানিকভাবে তাদের পেশাগত কর্মজীবনে প্রবেশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে নবীন কর্মকর্তাদের কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ ১৮ বছরের প্রশাসনিক বঞ্চনা ও জটিলতা কাটিয়ে নতুন বাস্তবতায় যাত্রা শুরু করা এসব কর্মকর্তাকে বাহিনীর ‘চেইন অব কমান্ড’ অক্ষুণ্ণ রেখে বৈষম্যহীন সমাজ গঠন ও দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে নিরলস কাজ করার আহ্বান জানান তিনি। সাইবার অপরাধ দমনে পুলিশকে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হওয়ার পরামর্শও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা উষ্টায়। একই সঙ্গে তিনি ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন এ. বি. এম. মামুন।
প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ীদের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন। এই শিক্ষানবিশ কর্মকর্তাদের এখন মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।
