যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে একটি ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন জানান, টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরা এবং তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত উন্মুক্ত স্থান ও কৃষিকাজে আগুন জ্বালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভের মতে, চলতি মৌসুমে ইতোমধ্যে ওয়াশিংটনে ২ লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগস্টের শুরুতেই এটি রাজ্যের ইতিহাসের অন্যতম ব্যস্ততম ও বিধ্বংসী দাবানল মৌসুমে পরিণত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ‘ওল্ড ট্রেইলস’ নামের এই শক্তিশালী দাবানলটি স্পোকেন নদী পেরিয়ে শহরের ভেতরের উত্তর অঞ্চলের দিকে ঢুকে পড়ে। এর পরপরই ওই অঞ্চলের বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ (অবিলম্বে এলাকা ত্যাগ করুন) জারি করা হয়। শনিবার রাত পর্যন্ত আগুন প্রায় ৩ হাজার ৫০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আক্রান্তদের জরুরি সহায়তায় স্পোকেন কনভেনশন সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযানে নামানো হয়েছে ওয়াশিংটন ন্যাশনাল গার্ডকে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা পূর্ব ওয়াশিংটনে ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে।
