জাতীয় ডেস্ক নিউজঃ সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের সূচনাপর্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক সংস্কারগুলোকে সংবিধান সংশোধনের মাধ্যমে রূপ দেওয়া হবে। এজন্য সংসদে ও সংসদের বাইরে থাকা সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়া হবে।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দলের পাঁচ সদস্যের নাম এখনো না পাওয়া গেলেও তারা নাম দিলে সাদরে গ্রহণ করা হবে এবং তাদের সাথে বিশদ আলোচনা হবে। বৈঠকে সরাসরি উপস্থিত হয়ে কিংবা লিখিত আকারে—যেভাবেই মতামত দেওয়া হোক না কেন, তা গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিটি।

জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় সনদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং ‘জুলাই জাতীয় সনদে’ যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেসব প্রস্তাবনায় গুরুত্ব পাবে। পাশাপাশি বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার টেবিলে থাকবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *