ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে একটি বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় তাঁর ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় তিনি মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও অলৌকিকভাবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ক্ষতিগ্রস্ত গাড়ির বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি ভক্তদের জানান এই অভিনেত্রী।
পোস্টে মৌসুমী মৌ লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে আঘাত পেয়েছি, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।”
ঘটনার মর্মান্তিকতার চিত্র তুলে ধরে তিনি আরও জানান, তাঁর গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট মুমিন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও বড় প্রাণহানি ঘটতে পারত উল্লেখ করে তিনি লেখেন, “পিকআপটি যদি মুমিনকে ধাক্কা দিত, তবে সে উড়েই যেত। আর যদি আমার গাড়ির দরজায় আঘাত করত, হয়তো আজ আমি জীবিত থাকতাম না।”
দুর্ঘটনার পেছনে পিকআপ চালকের অসতর্কতা ও বেপরোয়া আচরণকে দায়ী করেন মৌসুমী মৌ। তাঁর দাবি, ধাক্কা দেওয়ার পর চালক অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছেন। গাড়ির ব্রেকে সমস্যা ছিল এবং চালকের চালচলন দেখে মাদকাসক্ত বলে মনে হয়েছে। তবে পরে পিকআপের মালিক এসে জানান, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথাই ছিল না।
সবশেষে স্বস্তি প্রকাশ করে এই উপস্থাপক লেখেন, “বেঁচে আছি, ভালো আছি—এটাই সবচেয়ে বড় কথা।” তবে দুর্ঘটনাটি রাজধানীর ঠিক কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে পোস্টে স্পষ্ট কিছু জানাননি তিনি।
