সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় তাঁরা নিহত প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং পরিজন হারানোর এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদের মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পৌঁছান রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের পরিচয় দ্রুত শনাক্তকরণ এবং মরদেহ সংক্রান্ত যাবতীয় প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করতে রিয়াদ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্ভূত সম্পূর্ণ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।
