ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মের মুরগির বিষ্ঠা সংগ্রহ ও বণ্টন নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
কারাগারে পাঠানো জামায়াত নেতারা হলেন—ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাহালগাঁও বাজার সংলগ্ন এলাকায় ‘সিপি বাংলাদেশ’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের লেয়ার মুরগির খামার থেকে বিষ্ঠার ভাগ নেওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণ, স্থানীয় একটি বাণিজ্যিক ব্যাংকের তালা ভেঙে টাকা লুটপাট এবং বেশ কয়েকটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।
পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার অপরাধ আইনে জামায়াত ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, দ্রুত বিচার আইনের ওই মামলায় ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জামায়াতের তিন শীর্ষ নেতা। বিচারক জামিন আবেদন খারিজি করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও মামলায় নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থাকায় স্থানীয় সংসদ সদস্যের ভাইসহ অপর কয়েকজন আসামির বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত পুলিশ।
