২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শতভাগ ফেলের বিপর্যয়কর চিত্র ফুটে উঠেছে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে ফলাফল উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখেনি। এছাড়া বিদেশের একটি কেন্দ্রেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শূন্য পাসের হারের দিক থেকে এককভাবে সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেখানে ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক সক্ষমতা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে শিক্ষা প্রশাসন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *