রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং সিয়ামের পরিহিত রক্তমাখা পোশাকও উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে বিন্তিকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাতকের অবস্থান শনাক্ত করা হয়। এরপর হাজারীবাগ থানা পুলিশের একটি বিশেষ দল কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রায়েরবাজার হাইস্কুলের শিক্ষার্থী বিন্তির এমন করুণ মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের মাতম চলছে। বিন্তির বাবা বেলাল হোসেন খুনিদের কঠোরতম শাস্তি দাবি করেছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেপ্তার হওয়ায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
