বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই স্বাভাবিক হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ভারতীয় ভিসা চালুর বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরন্তর কাজ করে যাচ্ছে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যাতে দ্রুত ও নির্বিঘ্নে ভারতে যেতে পারেন, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আশা করছি, খুব দ্রুতই ভিসা প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।”

এর আগে শামা ওবায়েদ সালথার খোয়াড় গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং ভবিষ্যতে সরকারি আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুদান বিতরণকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান সরকার জনগণের মৌলিক সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *