পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি কমিশনার বলেন, “শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনী প্রক্রিয়া বছরজুড়ে ধারাবাহিকভাবে চলতে থাকবে।” স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় সংসদে। সংসদ যে সিদ্ধান্ত নেবে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন সামগ্রিকভাবে ভালো হয়েছে। তবে ‘ভালো’র তো কোনো শেষ নেই, একে আরও উন্নত করার সুযোগ রয়েছে। আমাদের নিজেদের কোনো ঘাটতি ছিল কি না কিংবা ভবিষ্যতে আরও স্বচ্ছতা কীভাবে আনা যায়, তা নিয়ে কমিশন গুরুত্বের সাথে কাজ করছে।”
অনুষ্ঠানে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য সরবরাহ করার অনুরোধ জানান। তিনি মনে করেন, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
