কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে দিনদুপুরে অপহরণ করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৪ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক জানান, বুধবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে বাসের জন্য কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে মুখ চেপে ধরে। ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়কে যাওয়ার সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ছিনতাইকারীরা সোহেলের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং বিকাশ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, শারীরিকভাবে নির্যাতন করে তার এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে দুর্বৃত্তরা। পরে দাউদকান্দির একটি বুথ থেকে কার্ড ব্যবহার করে আরও ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়। ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর তাকে দাউদকান্দির একটি নির্জন এলাকায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা ঢাকার দিকে পালিয়ে যায়।
প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “দিনের বেলায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। আমি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।” তিনি জানান, ছিনতাইকারী চারজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
