অঘোষিত ফাইনালে মিরপুরের আকাশে জ্বলজ্বল করছে তানজিদ হাসান তামিমের ব্যাট। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তানজিদ হাসান তামিম। ১০৭ বল খেলে ১০৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ৭টি দৃষ্টিনন্দন ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। উদ্বোধনী জুটিতে সাইফ হাসানের সঙ্গে ১০৫ রান যোগ করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। সাইফ আউট হন ৩৬ রানে।
তামিমের আউটের পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত (২৭), লিটন দাস (৪১) এবং তাওহিদ হৃদয়। লিটন ও হৃদয়ের ৬৮ রানের জুটি বাংলাদেশকে ২৫০-এর গণ্ডি পার করায়। শেষ পর্যন্ত হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলের পুঁজি ২৯০-এ নিয়ে যান। আফিফ হোসেন ৫ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। তিনি ১০ ওভারে ৫২ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।
সিরিজে ১-১ সমতা থাকায় ট্রফি জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৯১ রান। মিরপুরের পিচে এই লক্ষ্য তাড়া করা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
