ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘মহানগর প্রভাতী’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি বড় পাথর আঘাত করে। পাথরটি জানালার কাচ ভেঙে সরাসরি ওই নারীর মাথায় লাগলে তাঁর মাথা ফেটে রক্তপাত শুরু হয়। ঘটনার পরপরই ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি কুমিল্লা স্টেশনে পৌঁছানোর পর আহত ওই নারী যাত্রী ট্রেন থেকে নেমে যান। দ্রুত নেমে যাওয়ায় তাঁর বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

রেলপথের অনেক অংশ অরক্ষিত থাকায় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *