সৌদিতে শুক্রবার ঈদুল ফিতর; ৩০ রোজা পূর্ণ হচ্ছে মধ্যপ্রাচ্যে

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে ৩০তম রোজা পালিত হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে এই ঘোষণা প্রদান করে।

বুধবার সৌদিতে ছিল হিজরি ১৪৪৭ সনের ২৯ রমজান। এদিন দেশটির কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এর আগে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তুরস্কও আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর জানিয়েছে তাদের দেশে ঈদ হবে শনিবার (২১ মার্চ)। কারণ সেখানে বৃহস্পতিবারও চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

সৌদি আরবে শুক্রবার ঈদ হওয়ায় সাধারণত এর পরদিন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভার দিকে তাকিয়ে আছে দেশবাসী।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *