কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানের চরম দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব। দুর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে নিয়োজিত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।
র্যাব জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল এলাকা থেকে এ মামলার ১ নম্বর আসামি গেটম্যান মো. হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসটিকে একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন। এই ঘটনায় নিহত এক যাত্রীর স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা নাঈম উল হক বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, গেটম্যানরা ক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মো. হেলাল ও মেহেদী হাসান—উভয়েই কর্মস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের এই অমার্জনীয় অবহেলাই ১২টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে।”
গ্রেপ্তারকৃত হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
