মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থার মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের মতো ‘বন্ধুত্বপূর্ণ’ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির ‘বন্ধু রাষ্ট্রের’ এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তিনি বলেন, “যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা যাদের বিষয়ে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি, সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও উল্লেখ করেন, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাকের পাশাপাশি বাংলাদেশও এই বিশেষ সুবিধার আওতায় রয়েছে। তিনি জানান, এই দেশগুলো ইরানের সাথে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আরাগচি বলেন, “আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তাই শত্রু বা তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই। তবে অন্যদের জন্য এটি খোলা থাকছে।”

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই সরু সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। গত মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান।


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *