গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট; ১ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত নেয়।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শীর্ষক একটি পোস্ট দেন। এর পরপরই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশের চিঠিতে রাকিবুলের সাথে দলের অন্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখারও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। এর আগে ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে তিনি ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকারও হয়েছিলেন।

বহিষ্কার প্রসঙ্গে রাকিবুল হাসান বলেন, “আমি ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে এবং দলের আদর্শে বিশ্বাসী। জুলাই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি শুধু চেয়েছি দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন হোক। মাত্র একটি পোস্টের কারণে আমাকে বহিষ্কার করা হলো।”

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, এর বাইরে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *