সিরাজগঞ্জ শহরের গয়লা এলাকায় এক মুদি দোকানদারের বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা সাড়ে ২১ লিটার পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও লাইসেন্স না থাকায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে প্রথমে দোকানি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে সাড়ে ২১ লিটার পেট্রোল ও বেশ কিছু খালি কন্টেইনার উদ্ধার করা হয়। জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির কোনো বৈধ লাইসেন্স দেখাতে না পারায় পেট্রোলিয়াম আইনে তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে পাশের একটি ফিলিং স্টেশনে ২ হাজার ৩৭২ টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
