পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। আলোচনার এই ব্যর্থতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
গালিবাফ বলেন, ইরানি প্রতিনিধিদল আলোচনায় অত্যন্ত ‘ভবিষ্যৎমুখী’ প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তাদের আস্থা অর্জন করতে পারেনি। তিনি স্পষ্ট জানান, আগের যুদ্ধের অভিজ্ঞতা থেকে তেহরানের ওয়াশিংটনের ওপর কোনো আস্থা নেই। গালিবাফের ভাষায়, “আমাদের সদিচ্ছা থাকলেও প্রতিপক্ষের ওপর আস্থার অভাব আলোচনার পথকে কঠিন করে তুলেছে।”
আলোচনার পরিবেশ তৈরি এবং মধ্যস্থতার জন্য বন্ধুপ্রতীম দেশ পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন গালিবাফ। তিনি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আলোচনা ব্যর্থ হলেও মধ্যস্থতাকারী পাকিস্তান এখনই হাল ছাড়ছে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কামার চিমা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত এক দশকে দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে ‘সিরিয়াস’ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পেশ করেছে, যা নিয়ে এখন ইরানের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা করবে।
