ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় আবারও মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় এই আলোচনার প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদ সংস্থা এপি ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম দফার ‘ইসলামাবাদ সংলাপ’ কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হলেও দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে পারে। পাকিস্তান পুনরায় ইসলামাবাদকে ভেন্যু হিসেবে প্রস্তাব করলেও ওয়াশিংটনের পছন্দের তালিকায় রয়েছে জেনেভা। তবে ভেন্যু ও চূড়ান্ত দিনক্ষণ নিয়ে এখনো আলোচনা চলছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে যেখানে তারা আগামী পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ওয়াশিংটন এই মেয়াদ অন্তত ২০ বছর করার দাবিতে অটল রয়েছে। এই মতভেদ নিরসনই হবে দ্বিতীয় দফা আলোচনার অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
পাকিস্তানের মধ্যস্থতা: ইসলামাবাদ সংলাপের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানে পাকিস্তান অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। দুই পক্ষই আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে জানা গেছে।
