জুলাই আন্দোলনের চেতনা ও লক্ষ্যকে সুসংহত করতে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই রাজনৈতিক শক্তি। ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহসহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করছেন।
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হবে।
নতুন এই সদস্যদের বরণ করে নিতে সেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। এ উপলক্ষে এনসিপিও একই স্থানে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
আপ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সব শক্তিকে একত্রিত করার লক্ষ্যে’ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখপাত্র শাহরিন সুলতানা ইরা জানান, বৃহত্তর এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে বিপ্লবের চেতনাকে আরও সুসংহত করা সম্ভব হবে। কালকের সংবাদ সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।
