সংরক্ষিত নারী আসনে বিএনপিতে তীব্র প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনের মধ্যে ৩৬টি পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। এই আসনগুলোতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহ দেখিয়েছেন প্রায় ১,২০০ নারী নেত্রী।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা।

দলীয় সূত্র জানায়, প্রার্থীদের বাছাইয়ে ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আইন প্রণয়নে ধারণাকে গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অতীত সময়ে দলের অনেক নারী নেত্রী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যা মনোনয়ন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি একজন প্রার্থীর আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, শিগগিরই মনোনয়নপত্র বিতরণ শুরু করবে বিএনপি। এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং নিজ নিজ এলাকায় রাজনৈতিক অবস্থান শক্ত করতে সক্রিয় রয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত ৫০ নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২১৩টি আসনে জয় পাওয়ায় দলটি ৩৬টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে।

অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হওয়ায় তারা একটি সংরক্ষিত আসন পাবে। বাকি ১৩টি আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *