নির্বাচনী মাঠে নামছে জামায়াত ও এনসিপি, বৃহস্পতিবার থেকে শুরু প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোটকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন। তিনি রাজধানীর মিরপুরে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। এরপর ২৩ জানুয়ারি সকাল থেকে ঢাকার বাইরে নির্বাচনী সফর শুরু করবেন তিনি। জানা গেছে, উত্তরাঞ্চল দিয়েই তার জেলা পর্যায়ের প্রচারণা শুরু হবে।

নির্বাচনী প্রচারের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগও করবেন জামায়াত আমির।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন, অর্থাৎ ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় অংশ নিতে পারবেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *