আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-ভাতা সুষ্ঠুভাবে পরিশোধ নিশ্চিত করতে গাজীপুরে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় মন্ত্রী জানান, ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তিনি শিল্পকারখানার মালিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন।
এদিন মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা থেকে গাজীপুরে বাসে করে যাতায়াত করেন। সরকারি ব্যয় সাশ্রয় ও জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার এড়িয়ে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনের ব্যবহার কমানো সম্ভব হয়েছে।
মন্ত্রীর সঙ্গে এ সফরে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ সরকারি ব্যয় সংকোচনে কার্যকর ভূমিকা রাখবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
গাজীপুরে বাসে করে মন্ত্রীর সফর, ব্যয় সাশ্রয়ে উদাহরণ
