চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর পোস্টে অভিযোগ করেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বর্তমানে ১০ থেকে ১১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। শিক্ষামন্ত্রীর ‘নকলমুক্ত পরীক্ষা’র ঘোষণাকে কটাক্ষ করে তিনি লেখেন, “নকল আর হবে না—এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। প্রশ্ন পাওয়া গেলে আর নকল কে করে ভাই! লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য পার্ফেক্ট চয়েজ ফ্রম বিএনপি।”

তিনি আরও যোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান করুণ দশা দেখে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি তাঁর পোস্টে লেখেন, “নকল আর হবে না! কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে।”
সারজিস আলম তাঁর পোস্টের কমেন্টে একটি লিংক শেয়ার করে দাবি করেন যে, পরীক্ষার আগের রাতে টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে প্রশ্ন কেনাবেচা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এভাবে প্রশ্ন ছড়িয়ে পড়ায় তিনি প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং প্রশ্ন ফাঁসের এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
