শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে। কেরাণীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায়, হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থায় রাত পৌনে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
