বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ সমন্বিতভাবে কাজ করবে। তিনি জানান, শিশুদের স্বার্থ রক্ষা ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি শক্তিশালী ককাস গঠন করা হবে।
বৃহস্পতিবার (০৭ মে) জাতীয় সংসদ ভবনে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে শিশু অধিকার, সামাজিক সুরক্ষা, বাজেট বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে কার্যক্রম দেখার সুযোগ তৈরিতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ শিশু অধিকার রক্ষায় দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সফল হয়েছে। তারা বাংলাদেশের মানবিক উদ্যোগ ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন।
