নির্বাচন ঘিরে সন্ত্রাস হলে প্রশাসনকে জানিয়ে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের
Election, News, Politics jamat, News, Politicsনির্বাচনকে কেন্দ্র করে কেউ সন্ত্রাস চালাতে চাইলে তার সমান জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউলের নিহত হওয়ার ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই একজন জামায়াত নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার মামলায় এখনো কোনো অগ্রগতি নেই বলেও তিনি দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, যে রাজনীতি মানুষের নিরাপত্তার কথা বলে খুনের সঙ্গে জড়িত থাকে, তা কেমন রাজনীতি।
নারীদের উদ্দেশে বক্তব্যে জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় মায়েদের অসম্মান করা হচ্ছে। যারা এসব করছে, তারাও মায়ের সন্তান—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি নারীদের সম্মান করার আহ্বান জানান। নারীদের অসম্মানকারীদের তিনি ‘অমানুষ’ বলে উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, কেউ যদি সন্ত্রাস চালাতে চায়, তাহলে তার প্রতিরোধ করা হবে। তবে আগে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে তখন তা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
যুবসমাজকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চায়। বৈষম্য, অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশকে দাঁড় করানো হবে। যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজের হ্যাক হওয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট প্রসঙ্গে তিনি বলেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না এবং সারা বাংলাদেশকে রেলওয়ে যোগাযোগের আওতায় আনা হবে।
