জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে) প্রধান বিজয় থালাপতি ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে এই ঐতিহাসিক মুহূর্তে বিজয়ের ব্যক্তিগত জীবনের কিছু সমীকরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতিতে বিজয় শপথ নিলেও সেখানে দেখা যায়নি তাঁর দীর্ঘ ২৭ বছরের জীবনসঙ্গিনী সঙ্গীতা সর্ণালিঙ্গম কিংবা তাঁদের দুই সন্তান জেসন ও ধিভ্যাকে। বিজয়ের রাজনৈতিক জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে পরিবারের সদস্যদের অনুপস্থিতি ভক্তদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
পরিবারের অনুপস্থিতির বিপরীতে অনুষ্ঠানের প্রথম সারিতে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নীল কাঞ্জিভরম শাড়ি ও জুঁই ফুলের মালায় সেজে মা উমা কৃষ্ণানকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বিজয়কে অভিনন্দন জানিয়ে তৃষা বলেন, “অভিনন্দন বিজয়, আমি খুব খুশি।” এমনকি বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও তাঁকে দীর্ঘক্ষণ কুশল বিনিময় করতে দেখা যায়।
বিজয় ও সঙ্গীতা ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, সঙ্গীতা ইতোমধ্যেই আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তবে বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজয়ের ‘ঘিল্লি’ ও ‘লিও’-সহ বেশ কিছু ব্লকব্লাস্টার সিনেমায় তৃষা তাঁর সহশিল্পী ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ মে তৃষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘কারুপ্পু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পর্দার রসায়ন ছাপিয়ে রাজনীতির মঞ্চে তাঁদের এই নৈকট্য এখন ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
