বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ডা. সীমা মালিককে বাংলাদেশে আসায় উষ্ণ অভ্যর্থনা জানান মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি পূর্বের পাকিস্তান সফরের কথা স্মরণ করে ডা. সীমা মালিককে ধন্যবাদ জানান এবং বলেন, “ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা ও অভিজ্ঞতা বিনিময় আরও বৃদ্ধি পাবে। এই সফর দুই দেশের নারীদের সাংগঠনিক ও সামাজিক কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় ডা. সীমা মালিক তাঁর বক্তব্যে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। সেখানে সামন্তবাদী ব্যবস্থার কারণে নতুন ও তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সমসাময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য ও সুসংগঠিত তৎপরতা চালাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।” এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের রাজনৈতিকবিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারী খন্দোকার আয়শা সিদ্দীকা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।
সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই দেশের নারী সমাজ ও ইসলামী আন্দোলনের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
