বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়ে গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার আশা তৈরি হওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার যে আশঙ্কা ছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে স্বর্ণের বাজারে এই বড় ধরণের উত্থান দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৭১.৩৩ ডলারে স্থির হয়। যা গত ১৮ জুনের পর বাজারে বিশ্বজুড়ে সর্বোচ্চ দর।

এর আগে বুধবার এক দিনেই স্বর্ণের দামে বড় ধরণের লাফ দেখা যায়, যা চলতি বছরের ফেব্রুয়ারির পর এক দিনে সবচেয়ে বেশি বৃদ্ধির রেকর্ড। সেদিন স্পট গোল্ডের মূল্য সর্বোচ্চ ৪,২৬৭.২৪ ডলারে উঠেছিল।

এদিকে, স্পট গোল্ডের পাশাপাশি মার্কিন ফিউচারস বাজারেও চড়াও হয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৩০.২০ ডলারে ঠেকেছে।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদনীতি সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আগামী দিনগুলোতে স্বর্ণের বিশ্ববাজার কোন দিকে যাবে তা নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।

সূত্র: রয়টার্স

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *