ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। আজ বুধবার (৩ জুন) রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে গ্রাহকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ব্যাংকের কর্মকর্তাদের আগামীকাল বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ সমাবেশে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর নবী মানিক বলেন, “ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি ও ঋণ সমন্বয় করতে হবে। একই সঙ্গে তার বিচার নিশ্চিত এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।”

গ্রাহকদের উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো: ১. অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমের অবিলম্বে পদত্যাগ। ২. সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল। ৩. ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত কাউকে বোর্ডে না রাখা। ৪. ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল। ৫. এস আলমের দখলকৃত মালিকানা বিক্রি করে লুটের অর্থ সমন্বয় করা। ৬. এস আলম যেন আর কোনো ব্যাংকে ফিরতে না পারে, তার স্থায়ী ব্যবস্থা করা। ৭. ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

আজকের বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা দিলকুশা এলাকা থেকে একটি গণমিছিল নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের দিকে অগ্রসর হন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের নেতারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *