ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের জন্য আগামী ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
সড়ক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ীঃ-
- ২২ থেকে ২৫ মার্চ: চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
- ২৬ থেকে ৩০ মার্চ: এক লেনে যানবাহন চলাচল করবে।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এই সেতুটি দ্রুত মেরামত করা জরুরি হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা। তিনি জানান, ঈদের লম্বা ছুটির কারণে এই সময়ে যানবাহনের চাপ ও ভারী যান চলাচল কম থাকবে বলে এটিই উপযুক্ত সময়।
মহাসড়কে যানজট এড়াতে কয়েকটি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছেঃ-
১. র্যাব ক্যাম্প-সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজ পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনের সাময়িক একমুখী ব্যবহার।
২. ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড় ও ট্রাক রোড দিয়ে লালপোল।
৩. বিসিক মোড় (গ্যাস কোম্পানি) থেকে দেওয়ানগঞ্জ মোড় ও জিরো পয়েন্ট হয়ে লালপোল।
৪. মহিপাল শহীদ শহিদুল্লা কায়সার সড়ক হয়ে ট্রাক রোড ও লালপোল সংযোগ সড়ক।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বিকল্প সড়কগুলোর বেশিরভাগই শহরের অভ্যন্তরীণ এবং সরু হওয়ায় ভারী যানবাহনের চাপে শহরে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের ফিরতি যাত্রায় কর্মস্থলমুখী মানুষের দুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সওজ কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামাল দেওয়া হবে।
