আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক একটি বগি বা কামরা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জনগুরুত্বপূর্ণ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি উল্লেখ করেন, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার বিধান স্পষ্ট করা আছে। এমনকি আইনের ১১৯ ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো পুরুষ নারী কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও বিদ্যমান।
আইনজীবী আরও জানান, ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রায় ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার (Toilet) থাকার বাধ্যবাধকতাও রয়েছে আইনে। দীর্ঘদিন ধরে এই বিধান কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১০ মার্চ আদালত রুল জারি করেছিলেন।
মূল রুলটি এখনো বিচারাধীন থাকলেও, আসন্ন ঈদে নারী যাত্রীদের দুর্ভোগ কমাতে একটি সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করেন। এর ফলে আসন্ন ঈদযাত্রায় রেলওয়ে কর্তৃপক্ষকে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট আসন বা বগি আলাদা করে বরাদ্দ রাখতে হবে।
এই আদেশের ফলে ঈদযাত্রায় নারীদের নিরাপত্তা ও স্বস্তি বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
