১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক রুকন ও বিতর্কিত টিভি বক্তা মাওলানা আবুল কালাম আযাদ (বাচ্চু রাজাকার) ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আপিলটি আজ সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত রয়েছে।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪১ বছর পর ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল কোনো আসামির বিরুদ্ধে ঘোষিত প্রথম রায়। তৎকালীন সময়ে তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

আইনজীবী সূত্রে জানা যায়, পলাতক থাকা অবস্থায় আত্মসমর্পণপূর্বক আপিল দায়ের করার শর্তে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সাজা স্থগিতের আবেদন করা হলে রাষ্ট্রপতি তাঁর মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করেন। যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ অক্টোবর প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

রাষ্ট্রপতির সেই আদেশের ধারাবাহিকতায় ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর আত্মসমর্পণ গ্রহণ করে আপিল প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম জানান, ২০১৩ সালে ট্রাইব্যুনাল থেকে তাঁর ক্লায়েন্টের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর রাষ্ট্রপতির আদেশে সাজা স্থগিতের পর তিনি আত্মসমর্পণ করেছেন এবং নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আপিল আবেদন দায়ের করেছেন, যা আজ আপিল বিভাগের শুনানির কার্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *