ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের দাম এক ধাক্কায় ৩৭৮ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যহার ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম (সৌদি সিপি) বৃদ্ধি পাওয়ায় দেশেও এলপিজির দাম সমন্বয় করতে হয়েছে। বর্তমানে প্রতি টন প্রোপেনের দাম ৭৫০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৮০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতির কারণেই এপ্রিল মাসের জন্য এই মূল্যবৃদ্ধি।
চেয়ারম্যান আরও বলেন, “এখন পর্যন্ত বাংলাদেশে আমদানিতে কোনো সংকট তৈরি হয়নি। তবে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা বাধ্যতামূলক হয়ে পড়েছে।” বাজারে যেন নির্ধারিত ১,৭২৮ টাকাতেই গ্রাহকরা গ্যাস পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তদারকি জোরদার করার আশ্বাস দিয়েছে বিইআরসি।
