গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের চার ইউনিটে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রায় সাড়ে আট হাজার বন্দির জন্য বিশেষ খাবার, নতুন পোশাক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। এই তালিকায় বাদ যায়নি কারাগারে থাকা সাবেক আইজিপি, সাবেক মেয়র ও এমপিসহ প্রভাবশালী বন্দিরাও।

কারা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর হাইসিকিউরিটি, পার্ট-১, পার্ট-২ এবং মহিলা কারাগারে পৃথকভাবে কয়েক ডজন ঈদ জামাতের আয়োজন করা হয়। ঈদের দিন সকালে বন্দিদের দেওয়া হয় পায়েস ও মুড়ি। দুপুরে ছিল খাসি বা গরুর মাংসের পোলাও, সালাদ, মিষ্টি ও কোমল পানীয়। রাতে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

বিশেষ ব্যক্তিদের কারাজীবনঃ- কাশিমপুর কারাগারে বর্তমানে বন্দি রয়েছেন সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাবেক এমপি মমতাজ বেগম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু। কারা সূত্রে জানা গেছে, এই বিশেষ ব্যক্তিরা সাধারণ বন্দিদের সঙ্গেই কারাগারের দেওয়া খাবার খেয়ে ঈদের দিনটি পার করেছেন।

মহিলা কারাগার ও শিশুদের আনন্দঃ- কাশিমপুর মহিলা কারাগারে ৬৪৪ জন বন্দির পাশাপাশি ডে-কেয়ার সেন্টারে থাকা ৩৩ জন শিশুর জন্য ছিল বিশেষ আয়োজন। শিশুদের দেওয়া হয়েছে নতুন জামা, চকলেট, কেক ও চিপস। নারী বন্দিদের সাজগোজের জন্য দেওয়া হয়েছে লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদী। এছাড়া অসহায় বন্দিদের মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্দিদের মানসিক প্রশান্তির জন্য প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল চোখে পড়ার মতো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *