নগরীর চকবাজার থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) চকবাজার থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবুল খায়ের (২৮), মো. আব্দুল হামিদ (২৪), মো. সাগর (২৮) এবং মো. বেলাল (২৭)।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন বাদুরতলা হারিছ শাহ মাজার গেটের দক্ষিণ পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্থানে ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হওয়া ও প্রস্তুতিকালে এই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে তাদের দখল ও হেফাজত থেকে ১টি টিপ ছোরা, ১টি ধারালো চাকু, ২টি লোহার রড এবং অপরাধে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
