চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, “কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে সংবাদ জানাবেন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বাউফল ফাউন্ডেশন আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী ও ধর্ষকদের কোনো ঠাঁই বাউফলের মাটিতে হবে না। তিনি এসব অপরাধীদের পবিত্র রমজান মাসে তওবা করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান, অন্যথায় প্রশাসনের মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন।

বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বাউফলকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *