জামালপুরের মেলান্দহে ‘জিনের অলৌকিক নির্দেশের’ অজুহাতে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম হালিমা বেগম (৬৫)। তিনি নয়াপাড়া গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে হালিমা বেগম মৃত্যুবরণ করলে দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তবে দাফনের কয়েক ঘণ্টা পর থেকে তার সন্তান ও পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং জিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে যে হালিমা বেগম প্রকৃতপক্ষে মারা যাননি, তিনি জীবিত আছেন।
এই দাবির প্রেক্ষিতে রাত ৮টার দিকে অলৌকিক বিশ্বাসে অন্ধ হয়ে পরিবারের সদস্যরা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। জীবিত থাকার প্রমাণের আশায় প্রথমে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে মনঃপূত না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বজনদের অনুরোধে ইসিজিসহ জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক স্পষ্টভাবে নিশ্চিত করেন যে ওই নারী অনেক আগেই মারা গেছেন। ডাক্তারের চূড়ান্ত ঘোষণার পর গভীর রাতে স্বজনরা মরদেহ পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ বিষয়টি নজরদারিতে রেখেছে, যাতে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
