জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনগুলোর ওপর আজ আদেশ দেবেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এর আগে সংশ্লিষ্ট রিটগুলোর ওপর দীর্ঘ শুনানি সম্পন্ন হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে পৃথক দুটি রিট দায়ের করা হয়। রিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম জনস্বার্থে এই রিটগুলো দায়ের করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদ বাতিল এবং তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরও একটি রিট করেন। ওই রিটে সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে— মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের। আজ হাইকোর্টের আদেশের মাধ্যমে জুলাই সনদের ভবিষ্যৎ এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ার আইনি ভিত্তি স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
