রাজধানীর শাহবাগে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায় সাধারণ যানবাহন চলাচল সীমিত থাকবে। সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প ডাইভারশন ও ইউ-টার্ন ব্যবহার করা হচ্ছে।
ডিএমপি নির্দেশিত বিকল্প রুটসমূহ:
- ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়ক: ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড দিয়ে চলাচল করতে হবে।
- হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা: গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন হয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং ঘুরে গন্তব্যে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
- সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী সড়ক: সায়েন্সল্যাব থেকে আসা যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
- মানিক মিয়া এভিনিউ এলাকা: উত্তর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে বলা হয়েছে। একই সঙ্গে ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকা থেকেও বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা রয়েছে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ নগরবাসীকে সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধারণ এবং নির্দেশিত বিকল্প পথ ব্যবহার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
