দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮১ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে। এদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী। চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। অন্যদিকে আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বরিশাল বিভাগ, সেখানে মোট আক্রান্ত ৩ হাজার ৪৩৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। এর আগে কেবল জুলাই মাসেই ডেঙ্গুতে ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হয়েছিলেন।
