নরসিংদী শহরের পৌর চত্বরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬) এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭)।
গ্রেপ্তারকৃত জয় শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা, বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দী এলাকার এবং সৈয়দ রাব্বি সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভার সামনের চত্বরে হঠাৎ করে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে সেবা সংঘের মোড় পর্যন্ত যায় এবং সেখানে সরকারবিরোধী ও বিতর্কিত নানা স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ আসার আগেই অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
পরবর্তীতে ওই ঝটিকা মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও চিত্র ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার রাতেই শহরের একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, ঝটিকা মিছিলের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান অব্যাহত রয়েছে।”
